মুজিববর্ষে বিটিসিএল ল্যান্ডফোন সংযোগ বাড়লো ১.২ শতাংশ

৯ মার্চ, ২০২০ ১৫:৪৯  
ছয় বছর পর বাড়লো বিটিসিএল ল্যান্ডফোন সংযোগ। দেড় মাসে এই সংযোগ বেড়েছে ৬ হাজার ৩২০টি। মাস ব্যবধানে এই সংযোগ বৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ। মুজিববর্ষ উপলক্ষে সম্পূর্ণ বিনামূল্যে সংযোগ চালু করার পর ল্যান্ডফোন গ্রাহক বৃদ্ধির এই সুবাতাস পেলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গত বছর নভেম্বরের আগ পর্যন্ত বিটিসিএল মোট ল্যান্ডফোন সংযোগ ছিলো ৫ লাখ ২০ হাজার। আর বছর শেষে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৩২০টিতে। এ তথ্য দিয়েছেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ রফিকুল মতিন। তিনি জানিয়েছেন, বিটিএসএল এখন ঘুড়ে দাঁড়াচ্ছে। নিয়মিত গ্রাহক কমার মধ্য দিয়ে দীর্ঘ দিন পর ল্যান্ডফোন গ্রাহক বাড়তে শুরু করেছে। তিনি আরো জনানা, রাজধানীর পূর্বাচল-কে একে প্রযুক্তিভিত্তিক ‘গিগা সিটি’র রূপ দিতেও উদ্যোগ নিয়েছে বিটিসিএল। শহরের গোড়া পত্তন থেকেই সেখানে গিগা গতির ইন্টারনেট সংযোগ দেয়ার পাশাপাশি ট্রিপল প্লে সুবিধা চালু করতেও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর মুজিববর্ষ উপলক্ষে বিটিসিএলের ফ্রি টেলিকম সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের তত্বাবধানে এই সেবারে মাধ্যমে বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ বিনামূল্যে পেতে শুরু করে সারা দেশের গ্রাহকরা।